সড়ক দুর্ঘটনা রোধে ময়মনসিংহে সচেতনতামূলক পোস্টার প্রদর্শন
হেলমেট, সিটবেল্ট ও ট্রাফিক আইন মানার বার্তা নিয়ে ময়মনসিংহে পোস্টার প্রদর্শন
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা রোধে পোস্টার হাতে সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ময়মনসিংহে সচেতনতামূলক পোস্টার প্রদর্শন কর্মসূচি করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করাই ছিল এর লক্ষ্য।
কর্মসূচিতে শুভসংঘের সদস্য, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা অংশ নেন। তাঁরা সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সংবলিত পোস্টার হাতে নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রদর্শিত পোস্টারগুলোতে বেপরোয়া গতি পরিহার, ট্রাফিক আইন মেনে চলা, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার, গাড়িতে সিটবেল্ট বাঁধা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পোস্টারগুলোতে লেখা ছিল—‘গতি নয়, জীবন আগে, সচেতন হোন সড়ক চলাচলে’, ‘ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’, ‘একটু সচেতনতা, একটু দায়িত্ববোধ, বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন’, ‘হেলমেট পরুন, গতি নিয়ন্ত্রণ করুন, নিরাপদে ঘরে ফিরুন’ এবং ‘বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করি, নিরাপদ সড়কের অঙ্গীকার করি’-এর মতো নানা বার্তা।
আয়োজকেরা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। অসচেতনতা, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং ঝুঁকিপূর্ণভাবে সড়ক ব্যবহার দুর্ঘটনার অন্যতম কারণ। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন মানার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীদেরও সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলতে হবে। মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার, গাড়িতে সিটবেল্ট বাঁধা, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত গতি এড়ানো এবং পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের মতো অভ্যাস দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা তাপস মজুমদার এবং কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি কামরান পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন।
এ সময় সংগঠনের শিক্ষার্থী উপদেষ্টা মাশায়েদ হোসেন ও সানজিদা সারা, সহ-সভাপতি নাবিলা কামাল ছোঁয়া ও সুমি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা আক্তার, মারুফ হাসান ও দীপ পাল, সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদিসহ কার্যকরী সদস্য মোহাম্মদ আকিব, মেহেদী হাসান, রকিব হোসেন, জিল্লুর রহমান নাঈম ও আকাইদ ইসলাম উপস্থিত ছিলেন।
