গোপালগঞ্জে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে ১৪ জিপিএ-৫ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সরকারি জেলা স্কুল প্রাঙ্গণ। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সরকারি জেলা স্কুলের পাঁচজন, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, চরপাড়া ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের দুজন, শাহীন স্কুল গোপালগঞ্জ শাখার একজন এবং স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল করিম। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের এমন আয়োজন অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়। আগামী বছর আরও বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আগামী দিনের নেতৃত্ব দেবে তোমরাই। আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের। তবে শিকড়ের টানে সবাইকে আবার নিজের সমাজ ও দেশের কাছে ফিরে আসতে হবে।’
বিশেষ অতিথি গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাজু আহমেদ বলেন, ‘এসএসসি হলো তোমাদের জীবনবৃক্ষের শিকড়। আজ তোমরা সেই শিকড় শক্ত করেছ। আশা করি, আগামী দিনেও এই ধারাবাহিকতা ধরে রাখবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়ার কাজী মন্টু কলেজের বাংলা বিভাগের প্রভাষক বিষ্ণুপদ বালা, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কুমার বিশ্বাস, শাহীন স্কুল গোপালগঞ্জ জেলা শাখার প্রশাসনিক কর্মকর্তা আল ইমরান সুমন, সরকারি জেলা স্কুলের শিক্ষক মোহাম্মদ ইকবাল খান, মনিকা সরকার, নিপা রায়, লিলি রায়, নুসরাত জাহান, সুশান্ত কুমার, আহমেদ আলী মোল্লা, রাখেস চন্দ্র বাইন ও মুজিবুর রহমান খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তূর্য রহমান, সহ-সভাপতি মিমি বালা, সহসভাপতি আশরাফুল আলম নাজিম, সাংগঠনিক সম্পাদক অয়ন সাহা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তুসি আক্তার, প্রচার সম্পাদক সীমান্ত পাল, ক্রীড়া সম্পাদক তমাল বোসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
