EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কুড়িগ্রামে বাল্যবিয়ে-নারী নির্যাতন রোধে শুভসং‌ঘের উঠান বৈঠক

ডেইলি সান রিপোর্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

কুড়িগ্রামে বাল্যবিয়ে-নারী নির্যাতন রোধে শুভসং‌ঘের উঠান বৈঠক
অ অ

কুড়িগ্রামে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর দাঁগারকু‌ঠি গ্রামে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি মেয়ের স্বাভাবিক জীবন, শিক্ষার সুযোগ ও ভবিষ্যৎ কেড়ে নেয়। অল্প বয়সে বিয়ের কারণে মেয়েরা নানা শারীরিক ও মানসিক সমস্যার মুখে পড়ে। বাল্যবিয়ে বন্ধে পরিবারকে সচেতন করার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।

বসুন্ধরা শুভসংঘ উলিপুর উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, একটি মেয়েকে অল্প বয়সে বিয়ে না দিয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হলে সে নিজের ভবিষ্যৎ গড়তে পারবে। বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। পরিবার থেকেই এই পরিবর্তন শুরু করতে হবে।

উঠান বৈঠকে অংশ নেওয়া বেবি বেগম বলেন, আমি অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবা আমার বিয়ে দিয়ে দেন। এখন কোলে এক বছরের সন্তান। বিয়ের পর আর স্কুলে যাওয়া হয়নি। বিয়ের এক বছর পর বিচ্ছেদ হয়েছে। বাল্যবিয়ের এত ক্ষতি, সেটা আগে বুঝিনি।

একই অভিজ্ঞতার কথা জানান কমলী রাণী ও প্রিয়া রায়। নবম শ্রেণিতে পড়ার সময় তাদেরও বিয়ে হয়। বর্তমানে তাদের কোলে সন্তান। তারা বলেন, “ছোটবেলায় পরিবার থেকে বিয়ে দিয়ে দিয়েছে। তখন বিয়ে কী জিনিস, তা বুঝিনি। এখন সংসার করছি। আমরা গরিব মানুষ, আগে এত কিছু বুঝলে বিয়ে করতাম না।"

গৃহবধূ ফাতেমা বেগম বলেন, বাল্যবিয়ের ক্ষতি আগে বুঝিনি। আমার মেয়েরও বাল্য বিয়ে হয়েছিল। পরে সংসার টেকেনি। আমরা আর কোনো মেয়েকে বাল্যবিয়ে দেব না। বাল্যবিয়ের কারণে অনেক সমস্যা হয়, সংসারে শান্তি থাকে না।

নারী নির্যাতনের বিষয়ে গৃহবধূ মেনেকা রাণী বলেন, আমরা গরিব মানুষ। স্বামীদের আয়-রোজগার কম। অভাবের কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। ফলে অনেক সময় স্বামীরা স্ত্রীদের মারধর করেন।

শিক্ষার্থী মণি রাণী বলেন, আমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু অল্প বয়সেই পরিবারের পক্ষ থেকে আমাদের বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আজ‌কের পর থে‌কে প্রতিজ্ঞা করলাম আর বাল‌্য বি‌য়ে করব।

বৈঠকে আরও বক্তব্য দেন, দৈনিক কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মানু, বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার উপদেষ্টা বিএম আব্দুল ওহাব প্রমুখ।

আরও পড়ুন