EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

চিরিরবন্দরে নৈশ বিদ্যালয়ে হোয়াইট বোর্ড উপহার দিলো শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

চিরিরবন্দরে নৈশ বিদ্যালয়ে হোয়াইট বোর্ড উপহার দিলো শুভসংঘ
অ অ

দিনাজপুরের চিরিরবন্দরে সুবিধাবঞ্চিত শিশুদের একটি নৈশ বিদ্যালয়ে হোয়াইট বোর্ড উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাটখোলা এলাকায় গিয়ে শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সদস্যরা।

জানা গেছে, শিক্ষা নগরী হিসেবে পরিচিত চিরিরবন্দরের হাটখোলা এলাকায় মাত্র এক কিলোমিটারের মধ্যে ১৬টি রেসিডেনসিয়াল ও হাইস্কুল রয়েছে। কিন্তু বাড়তি শিক্ষা ব্যয়ের কারণে নিম্নবিত্ত, অবহেলিত ও ঝরে পড়া অনেক শিশুর জন্য নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। এসব শিশুকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠন ‘একতা যুব সংঘ’ এই নৈশ বিদ্যালয় চালু করে।

বিদ্যালয়টি এখন এলাকার ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন করে স্বপ্ন দেখার একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছে। খোলা পরিবেশে বিদ্যুতের ব্যবস্থা করে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এখানে প্রতিদিন শিশুরা মনোযোগ ও শৃঙ্খলার সঙ্গে পড়াশোনা করছে।

একতা যুব সংঘের সভাপতি ডা. ওয়াসিম উদ্দীন শাহ বলেন, ‘এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই আমাদের ক্লাবের মূল লক্ষ্য। সেই চিন্তা থেকেই নৈশ বিদ্যালয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রয়োজনের সময়ে হোয়াইট বোর্ড উপহার দেওয়ায় বসুন্ধরা শুভসংঘের প্রতি আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল-হাসনাত বলেন, ‘শুভ কাজে, সবার পাশে’—এই স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা আমাদের অন্যতম অঙ্গীকার। নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।’

এ সময় বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার কার্যকরী সদস্য নাজমুল, চঞ্চল রায়সহ শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন