টেকনিক্যাল মোড়ে নিরাপদ সড়কের দাবিতে শুভসংঘের মানববন্ধন
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরে রাজধানীর টেকনিক্যাল মোড়ে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে দারুস সালাম থানা শাখা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
রাজধানীর টেকনিক্যাল মোড়ে নিরাপদ সড়কের দাবিতে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর টেকনিক্যাল মোড়ে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ দারুস সালাম থানা শাখা।
শনিবার (২৫ জুলাই) আয়োজিত এই কর্মসূচিতে শুভসংঘের সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে পথচারী, চালক ও সাধারণ মানুষের কাছে নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতিতে যানবাহন না চালানো, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করা এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচলের পরিবেশ তৈরির আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রতি বছর অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কিংবা পঙ্গুত্ব বরণ করেন। অধিকাংশ দুর্ঘটনাই ঘটে অসচেতনতা, অতিরিক্ত গতি, বেপরোয়া যানবাহন চালানো এবং ট্রাফিক আইন অমান্যের কারণে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক দিকনির্দেশনায় এবং দারুস সালাম থানা শাখার সভাপতি ইয়াসিন শেখ ও সাধারণ সম্পাদক তামিম ইসলাম ইবাদতের নেতৃত্বে কর্মসূচিটি সফলভাবে অনুষ্ঠিত হয়।
এ সময় আবদুল হান্নান মিলটন বলেন, একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, এটি একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ ও মানসিক শান্তিকেও ধ্বংস করে দেয়। নিরাপদ সড়ক নিশ্চিত করা একটি সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, চালক, পথচারী, আইন প্রয়োগকারী সংস্থা ও সাধারণ মানুষ— সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক সোহান আহমেদ রিজন, ইভেন্ট সম্পাদক ফাতেমা শিরীন, প্রচার সম্পাদক মো. জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদিয়া আফরিন নদী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিবুল রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাওয়া মনি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফাতেমাতুল জান্নাতসহ বসুন্ধরা শুভসংঘ দারুস সালাম থানা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, নিরাপদ সড়ক, জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ দারুস সালাম থানা শাখা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে।
