EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

চরফ্যাশনে তরুণদের সামাজিক কাজে সম্পৃক্তকরণে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

সমাজ পরিবর্তনে তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান বক্তারা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম

চরফ্যাশনে তরুণদের সামাজিক কাজে সম্পৃক্তকরণে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

চরফ্যাশনে ‘তরুণ সমাজকে সামাজিক কাজে অংশগ্রহণের কৌশল’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। ছবি: সংগৃহীত

অ অ

তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে ‘তরুণ সমাজকে সামাজিক কাজে অংশগ্রহণের কৌশল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক শামীমা নাসরিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় অংশ নেন শুভসংঘের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সমাজসেবায় আগ্রহী তরুণ-তরুণীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের অন্যতম শক্তি হলো তরুণ সমাজ। তাদের সৃজনশীল চিন্তা, উদ্যম ও নেতৃত্বের গুণাবলিকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব বলে মত দেন তারা। মাদক, বাল্যবিবাহ, পরিবেশ দূষণ, নিরক্ষরতা, সামাজিক বৈষম্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানবিক সংকট মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা।

তারা আরও বলেন, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড শুধু সমাজের উপকারই করে না, বরং একজন তরুণের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং দায়িত্ববোধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে একটি মানবিক, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনায় সামাজিক কাজে অংশগ্রহণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। এর মধ্যে দলগতভাবে কাজ করা, স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, পরিবেশ সংরক্ষণ, রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বেশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সমাজের কল্যাণে কাজ করার মাধ্যমে একজন মানুষ যেমন আত্মতৃপ্তি লাভ করেন, তেমনি একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অংশগ্রহণকারীরা তরুণদের নিয়ে নিয়মিত দক্ষতা উন্নয়ন, সচেতনতামূলক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং সামাজিক নেতৃত্ব বিকাশে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এমন উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে এবং তারা সমাজ পরিবর্তনের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন