সাভারে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান
শুধু ফগার মেশিনে ভরসা নয়, প্রয়োজন সম্মিলিত সচেতনতা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম
সাভারে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতামূলক সভায় অতিথিরা। ছবি: ডেইলি সান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সাভারে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাভার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সাভার উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাভার শিশু একাডেমি স্কুলের অধ্যক্ষ ও শুভসংঘের উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুল রহমান অভি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা ফগার মেশিনের ওপর নির্ভর করলে চলবে না। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ একই সাথে তারা শিক্ষার্থীদের পরিবার ও প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতা অভিযানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শুভসংঘের সদস্য ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও তার চারপাশের জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে মশার প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
কর্মসূচিতে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা আক্তার, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শোয়েব খান, শুভসংঘের উপদেষ্টা অমর চাঁদ মণ্ডলসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।