শরীয়তপুরে অসচ্ছল ও খেটে খাওয়া মানুষের সঙ্গে শুভসংঘের ইফতার
‘আমাগো কোনোদিন এমন কইরা হোটেলে কেউ খাওয়ায় নাই। আল্লাহ আপনাগো ভালো করুক, প্রতিবছর যেন গরীব মানুষ লইয়া এমন ইফতার করেন।’- আমেনা বেগম।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: সংগৃহীত
শরীয়তপুরে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের সঙ্গে ইফতার করেছেন বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সদস্যরা।
শনিবার সন্ধ্যায় শহরের কোর্ট এরিয়ায় অবস্থিত বিসমিল্লাহ সুইটস অ্যান্ড কাচ্চি কিং রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষ অংশ নেন।
জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক রিমন ঢালী, যোগাযোগবিষয়ক সম্পাদক শামীম শিকদারসহ অন্যরা।
ইফতারে অংশ নেওয়া ধানুকা এলাকার আমেনা বেগম, যিনি খোয়া ভাঙার কাজ করে জীবিকা নির্বাহ করেন, আবেগাপ্লুত হয়ে বলেন, আমাগো কোনোদিন এমন কইরা হোটেলে কেউ নিয়্যা খাওয়ায় নাই। আল্লাহ আপনাগো ভালো করুক। সবার লাইগা দোয়া করি। প্রতিবছর যেন গরীব মানুষ লইয়া এমন ইফতার করেন।
পালং এলাকার ভ্যানচালক ছমেদ বেপারী বলেন, দিনে যা আয় করি, তা দিয়ে সংসারই ঠিকমতো চলে না। আজ আমাদের সম্মান দিয়ে একসঙ্গে বসাইয়া ইফতার করাইছে এইটাই অনেক বড় পাওয়া।
সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শুভসংঘ সব সময় মানবিক কাজে যুক্ত থাকতে চায়।
এ বিষয়ে উপদেষ্টা শরিফুল আলম ইমন বলেন, এই আয়োজন কেবল ইফতার নয়, বরং সমাজের অবহেলিত মানুষের সঙ্গে হৃদয়ের বন্ধন তৈরি করার একটি প্রচেষ্টা। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আর বসুন্ধরা শুভসংঘ সবসময় শুভ কাজে সবার পাশে থাকে।
-69a44c2f57034.jpg)