পলাশবাড়ীতে মাদক ও বাল্যবিবাহ রোধে শুভসংঘের আলোচনা সভা
‘বসুন্ধরা শুভসংঘের এই সময়োপযোগী উদ্যোগ সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ীতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ রোধে করণীয়’ শীর্ষক এই সভা আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সুরুজ হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, ফজলুল হক দুদু, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, শিক্ষক আতোয়ার রহমান, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, ফারজানা আক্তার, শিক্ষার্থী আফসানা খাতুন, পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ম্যানেজার লিপি খাতুন, সাংবাদিক আমিরুল ইসলাম কবির ও আরিফ উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য আজ সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। বক্তারা মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
-69a44bec36733.jpg)
বাল্যবিবাহ প্রসঙ্গে বক্তারা বলেন, আইনগতভাবে বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ হলেও কিছু ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক কারণে এখনো গোপনে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। বাল্যবিবাহের ফলে মেয়েদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়, অল্প বয়সে মাতৃত্বের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং অনেক সময় পারিবারিক সহিংসতা ও সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়।
উপস্থিত বক্তারা মেয়েদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, একটি মেয়ে শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়। তাই কন্যাশিশুকে বিদ্যালয়ে ধরে রাখা, ঝরে পড়া রোধ এবং অভিভাবকদের মানসিকতার পরিবর্তন অত্যন্ত প্রয়োজন। প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মহল, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দকে বাল্যবিবাহ প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা বলেন, সুস্থ সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে সুরুজ হক লিটন বলেন, ‘পলাশবাড়ী উপজেলায় মাদক ও বাল্যবিবাহ নির্মূলে আমরা ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। স্কুল-কলেজে সেমিনার, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’
-69a446ab02b1a.jpg)