রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
প্রতীকী ছবি
রাজধানীতে একের পর এক যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। পল্লবীর পর এবার উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে দুর্বৃত্তরা আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে একই দিন সন্ধ্যার পর রাজধানীর মিরপুর-১১ নম্বরে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্প-সংলগ্ন সড়কে পার্কিং করা মধুমতী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় বাসটির আংশিক পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।
