আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও তাদের সেই স্বীকৃতি দেবে না। আওয়ামী লীগ আর কখনো দেশে ফিরে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তিনি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে পারেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে চিঠি দেওয়া হয়েছে। দেশটি আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
তিনি বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচিতে উসকানি দিচ্ছেন। এসব কর্মসূচির মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। ভবিষ্যতে অগ্নিসন্ত্রাস বা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থিরতার আশঙ্কা থাকলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রম। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদ্যাপনে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ও সংগঠন—উভয়কেই বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক পক্ষপাত বা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা হয়েছে। সম্প্রতি মুকসুদপুরের বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।
গার্মেন্টস খাতের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মালিক-শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রকৃত শ্রমিক ও মালিকেরা এতে সন্তুষ্ট। তবে একটি মহল গুজব ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলা করছে এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।

-6b053db8e476e-6b054125d49ab.jpg)