আওয়ামী সন্ত্রাসীরা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা দেশে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পুলিশ স্থাপনায় হামলা, অস্ত্র লুটের চেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত সৃষ্টি করে তারা দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরে এসব কথা বলেন তিনি। এ সময় শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা দেশের মানুষের প্রত্যাশার পরিপন্থী। সরকার গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজ করছে। এসব কর্মকাণ্ড যাতে গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। তা সত্ত্বেও দলটির কর্মীরা বিভিন্ন স্থানে মিছিল, অবরোধ, বিক্ষোভ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি প্রশাসনিক এলাকায় মোট ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ককটেল ও পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশ স্থাপনায় হামলা এবং মহাসড়ক অবরোধ।
তিনি কয়েকটি ঘটনার উল্লেখ করে বলেন, ১৭ নভেম্বর গোপালগঞ্জে একটি থানায় হামলা, পুলিশের গাড়ি ও থানায় অগ্নিসংযোগ, অস্ত্র-গোলাবারুদ লুট এবং হেফাজতে থাকা আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। ১৯ নভেম্বর মুকসুদপুরে আরেকটি থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং ওসির বাসভবন ক্ষতিগ্রস্ত করা হয়।
এ ছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ করা হয়। ফরিদপুরে বাসে আগুন দেওয়ায় এক চালক নিহত হন। একটি মিছিলে হামলায় বিএনপিসংশ্লিষ্ট দুই স্থানীয় নেতা নিহত হন। পাবনা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও নোয়াখালীতেও বিভিন্ন হামলা ও নাশকতার ঘটনা ঘটে।
হুমায়ুন কবির আরও জানান, ৭ থেকে ১৯ নভেম্বরের মধ্যে ৮৩টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে, ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা বা কার্যালয় হামলার শিকার হয়েছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে দেশের অর্থনীতিকে চাপে ফেলা এবং শ্রমিকদের দুর্ভোগে ফেলতে আওয়ামী লীগ ও এর কর্মীরা পরিকল্পিতভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ই অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস কিংবা অস্ত্র লুটের চেষ্টাকে বৈধতা দিতে পারে না। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রতিশোধমূলক সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাও সরকার সহ্য করবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা বিদেশেও সক্রিয়। তারা কয়েকটি দেশে অস্থিরতা ছড়ানো, সন্ত্রাস ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা চেয়েছে সরকার।