মজুরি ঘোষণার পরও শ্রমিক বিক্ষোভ, টঙ্গীতে ৩১ কারখানা বন্ধ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। শ্রমিক আন্দোলনের কারণে এলাকায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া বন্ধ রয়েছে ৩১টি কারখানা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পর থেকেই শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। স্বল্প দূরত্বের যানবাহন বিভিন্ন শাখা সড়কে প্রবেশ করায় সেখানেও যানজট ছড়িয়ে পড়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। সমস্যা সমাধান করে মহাসড়কগুলো সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে আজ এলাকায় ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। ইতোমধ্যে ৩১টি কারখানা বন্ধ হয়েছে।
