EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

রিয়াদে বাণিজ্যিক ভবনে ফের হুথি বাহিনীর ড্রোন হামলা, আহত ১১

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ এএম

রিয়াদে বাণিজ্যিক ভবনে ফের হুথি বাহিনীর ড্রোন হামলা, আহত ১১

ভবনটির সামনের অংশের মাঝামাঝি জায়গায় কিছু ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। ছবি: মিডল ইস্ট আই

অ অ

ইয়েমেনের হুতি যোদ্ধারা সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম অর্থনীতিকে বিপর্যস্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে চালানো এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ (সিভিল ডিফেন্স) এই হতাহতের খবর জানিয়েছে এবং ঐতিহাসিক ভবনটির একটি ছবি প্রকাশ করেছে। এই ভবনেই সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর অবস্থিত।

প্রকাশিত ছবিতে ভবনটির সামনের অংশের মাঝামাঝি জায়গায় কিছু ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। এর আগে গত ১৯ নভেম্বর একই ভবনে চালানো হামলায়ও এমন ক্ষয়ক্ষতি হয়েছিল, তবে সেবার কেউ আহত হননি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবারের শেষ দিকে জানায়, ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে। জোটটি আরও বলেছে, হুতিদের পক্ষ থেকে ‘বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানোর’ জবাবে তারা ‘কঠোর পদক্ষেপ’ নেবে।

ইয়েমেনের রাজধানী সানাসহ পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি মিলিশিয়ারা গত জুলাই মাস থেকে সৌদি বিমানবন্দর, তেল অবকাঠামো ও অফিস ভবনগুলোতে হামলা চালিয়ে আসছে। মূলত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে জুলাইয়ে ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই এসব হামলা চলছে।

এই হামলাগুলোর কারণে রিয়াদগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের অভ্যন্তরে এই যুদ্ধ ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে; জুলাই থেকে এ পর্যন্ত লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে।

হুতিরা বিশাল এলাকা দখল করে নিয়েছে, যার ফলে সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলো চলতি মাসে বড় ধরনের পিছু হটতে বাধ্য হয়েছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন