সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত
সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, শিশুশ্রম নিরসনে শুধু শ্রমঘন এলাকায় কাজ করলেই হবে না। এ জন্য শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক প্রকল্পের সূচনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নয় মাস পার হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ নানা বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকারকে কাজ করতে হচ্ছে। তবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের প্রধান শক্তি জনগণের কাছে জবাবদিহি ও দায়বদ্ধতা। নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। তাই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, শিশুশ্রম নিরসনে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার কাজ অনেক দূর এগিয়েছে। সবার অংশগ্রহণে বাস্তবসম্মত ও টেকসইভাবে এটি বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন জরুরি। কোনো পরিবার যেন সন্তানকে কাজে পাঠাতে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, স্কুলের পোশাক, পাটের তৈরি ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
সারা দেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানান মাহ্দী আমিন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। আগে দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ ছিল। এবার তা স্নাতক পর্যায় পর্যন্ত বাড়ানো হচ্ছে। পাশাপাশি ছেলেদের অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা রয়েছে। আগামী অর্থবছর থেকে এর বাস্তবায়ন শুরু হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হয়—এমন বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। সন্তানকে স্কুলে পাঠালে পরিবার অর্থনৈতিক সহায়তা পাবে এবং শিক্ষার ব্যয় কমবে—এমন ব্যবস্থা করা গেলে শিশুশ্রম কমবে।
শিশুদের স্কুলমুখী রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ জন্য বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম বন্ধেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার মান নিশ্চিত করতে হবে।
পড়াশোনা শেষে বেকারত্বের আশঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মাহ্দী আমিন। নবম ও দশম শ্রেণির সব শিক্ষার্থীর জন্যও কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ তৈরি হবে।
শিশুশ্রমের অন্যতম কারণ পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাব। এ সমস্যা সমাধানে বাবা-মায়ের আর্থিক সক্ষমতা বাড়ানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন তিনি।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী সার্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ চালু হয়েছে। এর মাধ্যমে হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের মায়েদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। তাঁরা এই অর্থ সন্তানের পড়াশোনায় ব্যয় করতে পারবেন। এতে অভাবের কারণে সন্তানকে কাজে পাঠানোর প্রবণতা কমবে।
তিনি আরও বলেন, শিশুশ্রম নিরসনে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে হবে না। অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাদের বিবেচনায় নিয়ে সমন্বিত নীতিমালা তৈরি করতে হবে। আগের সময়ে জাতীয় এই সমস্যার যথাযথ সমাধানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শিশুশ্রম বন্ধে মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানান মাহ্দী আমিন। তাঁর মতে, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এ সমস্যা দূর করা সম্ভব নয়। এ জন্য বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে শিশুশ্রম বন্ধে কাজ করবে। শিশুরা কারখানার বদলে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তরুণ জনগোষ্ঠীর মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন।




