হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর: উপ-প্রেস সচিব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা। ছবি: সংগৃহীত
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে রয়টার্সের বরাতে প্রকাশিত দেশীয় গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তাঁর অভিযোগ, এসব শিরোনামে তথ্যের উৎস ও প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ যথাযথভাবে তুলে ধরা হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সুজাউদ্দৌলা বলেন, দেশীয় গণমাধ্যমের শিরোনাম দেখে মনে হয়, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। অথচ রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যে বলা হয়েছে, এ তথ্য এসেছে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতি থেকে। প্রতিবেদনে ‘হার স্পোকসপারসন টোল্ড রয়টার্স’ বলা হলেও দেশীয় গণমাধ্যমের শিরোনামে মুখপাত্রের উল্লেখ নেই। ফলে মুখপাত্রের বক্তব্যকে শেখ হাসিনার সরাসরি বক্তব্য বলে মনে হতে পারে।
তিনি জানান, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। এটি বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ৫৬ মিনিটে প্রথম প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি সংশোধন করা হয়। এতে শেখ হাসিনার পক্ষের দাবির পাশাপাশি বাংলাদেশ সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে। সরকার জানিয়েছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।
কিন্তু দেশীয় অনেক গণমাধ্যমের শিরোনামে শুধু উড়োজাহাজে দেশে ফেরার ইচ্ছার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন উপ-প্রেস সচিব। তাঁর মতে, শেখ হাসিনার এ অনুরোধকে বাংলাদেশ সরকার ‘অলীক’ বা ‘ডিলিউশনাল’ বলে নাকচ করেছে। কিন্তু শিরোনামে সরকারের এই অবস্থানের উল্লেখ নেই। ফলে পাঠকেরা খবরের পুরো বিষয়টি জানতে পারছেন না।
সুজাউদ্দৌলা আরও বলেন, রয়টার্সের প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য ছিল, যা অনেক দেশীয় গণমাধ্যমে বাদ পড়েছে। প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ ও ‘পলাতক সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন। তাঁকে হাতকড়া পরিয়ে ও কঠোর নজরদারিতে ফিরিয়ে আনা হতে পারে। উড়োজাহাজে ফেরার অনুরোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এ ধরনের কোনো ‘অলীক অনুরোধ’ গ্রহণ করবে না।
পোস্টে উপ-প্রেস সচিব আরও উল্লেখ করেন, রয়টার্সের প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্য রয়েছে। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা আশা করা অযৌক্তিক।
এ ছাড়া রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে গত এপ্রিলে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মেট্রিক্স চেম্বারের মাধ্যমে শেখ হাসিনার জাল সই দিয়ে পাসপোর্ট আবেদনের ঘটনার প্রসঙ্গও টানেন সুজাউদ্দৌলা। তাঁর দাবি, বর্তমান বিবৃতিটি একই ধরনের তৎপরতার অংশ। তিনি ভারতীয় সাংবাদিকের প্রতিবেদনটিকে ‘স্ট্যান্ডবাজিমূলক’ বলেও মন্তব্য করেন।

