EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাতকড়া পরিয়ে হাসিনাকে দেশে ফেরানো হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

হাতকড়া পরিয়ে হাসিনাকে দেশে ফেরানো হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: মন্ত্রণালয়

অ অ

ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে, এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।’ 

দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়েই সরকার কাজ করছে এবং তাদের সব সময় পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখা হবে।

এ সময় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক ছড়াতে বিক্ষিপ্ত হামলা চালানোর অভিযোগ করেন তিনি। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। তবে এসব হামলা জনগণকে ভীত করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে কূটনীতিকেরা কোনো বক্তব্য দিয়েছেন কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের সঙ্গে এ ধরনের আলোচনা নিয়মিত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে জানানো হয়, ব্রিফিংয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

সূত্র: বাসস

আরও পড়ুন