বিশ্বে বায়ুদূষণে নবম অবস্থানে ঢাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম
রাজধানীতে আবারও বেড়েছে বায়ুদূষণের মাত্রা। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে নবম অবস্থানে উঠে এসেছে ঢাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে এ চিত্র দেখা গেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকালে রাজধানীর ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল। প্রতিষ্ঠানটি নিয়মিত বাতাসের মানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। এর মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে বিষয়ে মানুষকে তথ্য ও সতর্কবার্তা দেওয়া হয়।
সোমবার সকালে আইকিউএয়ারের সূচকে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২৭২, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারতের দিল্লি ও মুম্বাই। শহর দুটির স্কোর যথাক্রমে ২০৬ ও ১৭৪। এর মধ্যে দিল্লির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং মুম্বাইয়ের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, ১৫৫ স্কোর নিয়ে তালিকার নবম অবস্থানে রয়েছে ঢাকা। এই মানের বাতাসও নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ পরিস্থিতিতে জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
