EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন বছরে বাড়িভাড়া বাড়ার শঙ্কা, দুশ্চিন্তায় রাজধানীর ভাড়াটিয়ারা

গত ২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

নতুন বছরে বাড়িভাড়া বাড়ার শঙ্কা, দুশ্চিন্তায় রাজধানীর ভাড়াটিয়ারা

ছবি: সংগৃহীত

অ অ

নতুন বছর শুরুর আগেই বাড়িভাড়া বাড়ানোর নোটিশ পাচ্ছেন রাজধানীর অনেক ভাড়াটিয়া। কারও মাসিক ভাড়া একবারে তিন হাজার টাকা, আবার কারও এর চেয়েও বেশি বাড়ছে। অথচ সেই তুলনায় বাড়ছে না আয়। ফলে বাড়তি ভাড়ার চাপ সামলাতে কেউ বাসা ছাড়ছেন, কেউ কাটছাঁট করছেন সংসারের অন্যান্য খরচ।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। রাজধানীর ৫৭ শতাংশ ভাড়াটিয়া তাঁদের আয়ের প্রায় অর্ধেক ব্যয় করেন বাড়িভাড়ায়।

রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় পাঁচ বছর ধরে বসবাস করছিলেন জিয়াউর রহমান রাসেল। গত আগস্টে বাড়িওয়ালা তাকে নভেম্বর থেকে মাসিক ভাড়া তিন হাজার টাকা বাড়ানোর নোটিশ দেন। এর আগে দুই দফায় ৫০০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছিল।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা বেতনে চাকরি করা রাসেলের পক্ষে বাড়তি ভাড়া দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি।

পুরান ঢাকার পোস্তা এলাকার বাসিন্দা ওয়াশিউর রহমানের দুশ্চিন্তাও বাড়িভাড়া নিয়ে। তিনি কারখানার যন্ত্রপাতি মেরামতের কাজ করেন। কাজ কমে যাওয়ায় তাঁর আয়ও কমেছে। এর মধ্যে নতুন বছরে ভাড়া বাড়ানোর আশঙ্কায় সংসারের খরচ সামলানো নিয়ে উদ্বিগ্ন তিনি।

মোহাম্মদপুরের বাসিন্দা রবিন আহমেদের অবস্থাও একই। একটি বেসরকারি ব্যাংকে পাঁচ বছর ধরে চাকরি করলেও গত দুই বছর ধরে তাঁর বেতন ৪০ হাজার টাকায় অপরিবর্তিত রয়েছে। আগামী জানুয়ারি থেকে বাসাভাড়া তিন হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চালের দাম কেজিতে ১৫ টাকা এবং সন্তানের স্কুলের বেতন দেড় হাজার টাকা বেড়েছে। সব মিলিয়ে বাড়তি ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।

ক্যাবের তথ্য অনুযায়ী, ঢাকার ১২ শতাংশ ভাড়াটিয়ার আয়ের প্রায় ৭৫ শতাংশ ব্যয় হয় বাড়িভাড়ায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে গড়ে বাড়িভাড়া বেড়েছে ২৭ শতাংশ। ঢাকা বিভাগে বার্ষিক বাড়িভাড়া বৃদ্ধির হার ৫ দশমিক ৪৮ শতাংশ।


ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ২০০০ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন করা হলেও এখন পর্যন্ত এর বিধিমালা প্রণয়ন এবং আইন বাস্তবায়নের জন্য কার্যকর কর্তৃপক্ষ গঠন করা হয়নি। ফলে অনেক বাড়িওয়ালা ইচ্ছামতো ভাড়া বাড়ান। ভাড়াটিয়াদের প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত। এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে আদালতের নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি। এ ছাড়া ভাড়াটিয়াদের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলসহ বিভিন্ন খাতেও বাড়তি খরচ বহন করতে হয়।

অন্যদিকে, বাড়িওয়ালাদের দাবি, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যয় বেড়েছে। তাঁদের ভাষ্য, আগে একটি ভবন রং করতে ১৫ হাজার টাকা খরচ হলেও এখন লাগে ২৮ হাজার টাকা। এ ছাড়া পানির পাম্প, লিফটের সার্ভিসিং এবং গ্যাস-বিদ্যুতের ব্যয়ও বেড়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাড়িভাড়া নিয়ে নাগরিকদের অভিযোগের বিষয়ে সিটি করপোরেশন সচেতন রয়েছে। ভাড়াটিয়ারা অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিশেষজ্ঞদের মতে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অন্যথায় আয় না বাড়লেও ব্যয় বাড়ার চাপে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য রাজধানীতে বসবাস আরও কঠিন হয়ে উঠবে।

আরও পড়ুন