নাশকতা ঠেকাতে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় নাশকতা, অবৈধ অস্ত্র, ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজি ঠেকাতে নিয়মিত অভিযান চালাতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে ঘটতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মহানগর পুলিশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ জানান তিনি।
সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।