আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধন হতে পারে: প্রতিমন্ত্রী
রংপুরে শহীদ আবু সাঈদের নামে দুই স্টেডিয়াম উদ্বোধন করে সাংবাদিকদের বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার ও বিরোধী দল
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না।
তিনি বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তাঁর স্মৃতি ধরে রাখা এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করা হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, দেশের জনগণ, স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার পক্ষে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে এসব করে কোনো লাভ হবে না।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে মীর শাহে আলম বলেন, সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, বোমা হামলা, হত্যাযজ্ঞ ও গুমের মাধ্যমে দলটি অতীতে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েও তারা নিজেদের সন্ত্রাসী চরিত্রের পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা সঠিক ও যৌক্তিক বলে প্রমাণিত হয়েছে। এখন নতুন করে বিষয়টি ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
এ সময় রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন। শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ইতোমধ্যে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের উপযোগী করতে প্রয়োজনীয় অন্যান্য উন্নয়নও করা হবে।
তিনি জানান, রংপুর সিটি করপোরেশনের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃহত্তর রংপুর অঞ্চলের সব জেলার উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নে সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর জন্যও পৃথক উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।
উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেতুটি কোথায় নির্মাণ করা হলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের মানুষ বেশি উপকৃত হবেন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে।