EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে কৃষকদল নেতা হত্যা: নিক্সনসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম

ফরিদপুরে কৃষকদল নেতা হত্যা: নিক্সনসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় নিক্সনসহ ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পাঁচ দিন পর গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন।

রোববার (২২ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মামলার এজাহারে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সনকে ১ নম্বর আসামি করা হয়েছে। তাঁর ৯৫ জন অনুসারীর নামও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হন রাজু মোল্লা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নিক্সনের নির্দেশ ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মশাল জ্বালান এবং সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি ফেলে যান চলাচলে বাধা দেন। তাঁদের হাতে সড়কি, রামদা, চাপাতি ও ককটেলসহ দেশি অস্ত্র ছিল।

এজাহারে বলা হয়, ওই দিন রাত পৌনে ৮টার দিকে আসামিরা রাজু মোল্লার মোটরসাইকেলের গতিরোধ করেন। একপর্যায়ে ২ নম্বর আসামি পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে তাঁর কোমরের ডান পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এ ছাড়া ৩ নম্বর আসামি হামিরদী এলাকার আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাঙ্গা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরে রাজু মোল্লাকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়। এতে তাঁর পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায়। 

খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত রাজু মোল্লাকে উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন পুলিশ যে ২৬ জনকে আটক করেছিল, তাঁদের এই মামলায় আসামি করা হয়েছে কি না, জানতে চাইলে এসআই মিজানুর রহমান বলেন, তিনি সবে এজাহারের কপি পেয়েছেন। বিষয়টি যাচাই করে পরে জানাতে পারবেন।

আরও পড়ুন