ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি জাতীয় ফ্রেমওয়ার্ক চূড়ান্ত হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনারে অতিথিরা।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এ তথ্য জানান।
রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে টেকসই সেতুবন্ধ গড়তে সরকার, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সমন্বিত জাতীয় কাঠামোর প্রস্তাব করা হচ্ছে।
বক্তব্যে উচ্চশিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হিসেবে শিক্ষা ও শ্রমবাজারের দক্ষতার ব্যবধান তুলে ধরা হয়। বলা হয়, উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ প্রায় ১৩.৫ শতাংশ বেকারত্বের শিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন এ সমস্যা আরও বাড়াবে।
আন্তর্জাতিক অভিজ্ঞতা পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার উদ্যোগ নিয়ে পাঁচটি কেস স্টাডি করা হয়েছে। এসব উদ্যোগে শিল্পভিত্তিক পাঠ্যক্রম, যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, প্রযুক্তি হস্তান্তর ও স্টার্টআপকে উৎসাহিত করা হচ্ছে।
প্রস্তাবিত কাঠামো চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে: শিক্ষা ও কর্মসংস্থান উপযোগিতা, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবন এবং সুশাসন ও অংশীদারত্ব। এর আওতায় পাঠ্যক্রম আধুনিকায়নে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ, কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ, যৌথ গবেষণাগার স্থাপন এবং নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে।
অধ্যাপক মামুন বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য শুধু ডিগ্রি দেওয়া নয়, কর্মজীবনের উপযোগী জ্ঞান ও দক্ষতা দেওয়া। শিল্পের অভিজ্ঞ পেশাজীবীদের অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ তৈরি করা যেতে পারে। তাঁর মতে, ফ্রেমওয়ার্ক বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় ও শিল্পের দূরত্ব কমবে এবং কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়বে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সূচনা বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।