এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে তিনি এ নির্দেশনা দেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় এমপিদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠকের একটি সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমপিদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন তিনি।
