EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাঙালি বেশি সাহসী: স্পিকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাঙালি বেশি সাহসী: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম/ ছবি সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা বেশি সাহসী। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা জীবন উৎসর্গ করতেও কখনো পিছপা হননি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, তিনি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়াও তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে কাটানো আট বছর তার জীবনের শ্রেষ্ঠ সময়।

দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয় উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য করেননি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই বছর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। তবে মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল।

স্পিকার আরও বলেন, স্বাধীনতার অব্যবহিত পরেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণ ছাড়াই এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল। পৃথিবীর অন্য যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানেরা বেশি সাহসী।

মুক্তিযুদ্ধের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দেশের উন্নয়নে গণতন্ত্রের বিকল্প নেই। বিগত ১৫ বছরের ইতিহাস ছিল দুঃশাসনের ইতিহাস। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গিনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। ওই অভ্যুত্থানে সামরিক বাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে স্পিকার সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণা করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরে অংশ নেওয়ার স্মৃতি তুলে ধরেন তিনি। এমসি কলেজের যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতারও ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কর্মকর্তারা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন