নিরাপত্তার নামে বাক্স্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
নিরাপত্তার নামে বাক্স্বাধীনতা দমন করা হবে না। আবার বাক্স্বাধীনতার আড়ালে কারও মর্যাদাহানির উদ্দেশ্যে অপতথ্য ছড়াতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদের (এফএসএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কায়সার কামাল বলেন, এক দশকের বেশি সময় ধরে আগের সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইন, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) এবং সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। গুজব বন্ধের অজুহাতে এসব আইনের প্রয়োগ করে শিক্ষার্থীদের কারারুদ্ধ করা হয়েছে, সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং ভিন্নমত দমন করা হয়েছে। সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তরুণদের শুধু ডিজিটাল কনটেন্টের ভোক্তা হলে চলবে না। দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধি দিয়ে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে। ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা বিস্তারে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। কোনো চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে কিংবা ক্ষোভ সৃষ্টিকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামতে, উৎস যাচাই করতে এবং এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে বলেন। যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের হাতিয়ার না হতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিইউপির সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কায়সার কামাল বলেন, শিক্ষার্থীদের দিকে তাকালে তিনি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেখেন না, দেখেন জুলাই বিপ্লবের অগ্রপথিকদের।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীরা ১৫ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ক্ষমতাচ্যুত সরকার যখন নিজেদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন শিক্ষার্থীরাই সত্যকে বাঁচিয়ে রেখেছিলেন। তারা প্রমাণ করেছেন, কোনো স্বৈরশাসক সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করতে পারে না। এই প্রজন্মই ভোটাধিকার পুনরুদ্ধার করেছে এবং দেশকে গণতন্ত্র উপহার দিয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশে নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য নতুন ও গভীর হুমকি হয়ে উঠেছে ভুল তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যের ব্যবহার। একটি ক্লিকেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আবার একটি মিথ্যা বার্তা থেকে আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি এমনকি সহিংসতাও ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা, জনতথ্য ও অর্থনৈতিক সুযোগের পরিধি বাড়িয়ে সমাজব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। তবে এসব সুযোগের পাশাপাশি প্রযুক্তি গুরুতর কিছু চ্যালেঞ্জও তৈরি করেছে। ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সমাজ, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে।
ভুল তথ্য ও অপতথ্যের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, দুটিই ব্যক্তি, সম্প্রদায় ও রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে এসব চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেন কায়সার কামাল। তিনি বলেন, এ জন্য সমালোচনামূলক চিন্তার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্কুলের পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।
গণমাধ্যমের প্রতি সঠিকতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান ডেপুটি স্পিকার। সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর উদ্দেশে তিনি বলেন, তাদের স্বচ্ছতা বাড়াতে হবে এবং ক্ষতিকর মিথ্যা তথ্যের বিষয়ে অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা রাখতে হবে।
ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে সরকারি সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ছাড়াও শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, তরুণ ও সাধারণ নাগরিকসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্রের (ওসিপিএএসএস) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন।
সেমিনারে বিইউপির উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।