EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

অ অ

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়া থেকে ঢাকায় ফেরার পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন তিনি। সেখান থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সেখানে তিনি জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ অংশ নেন।


সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

আরও পড়ুন