EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্ভোগে লাখো মানুষ

দুই যুগেও শেষ হয়নি বালু নদের ওপর সেতুর নির্মাণকাজ

৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০০৩ সালে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

দুই যুগেও শেষ হয়নি বালু নদের ওপর সেতুর নির্মাণকাজ

ফাইল ছবি

অ অ

নির্মাণকাজ শুরু হয়েছিল ২০০৩ সালে। এরপর দুই দফায় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় শেষ হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর সেতুর নির্মাণকাজ। এতে রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগের অপেক্ষায় থাকা রূপগঞ্জ ও আশপাশের এলাকার লাখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানায় কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০০৩ সালে। প্রাথমিকভাবে এ জন্য ৫ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন, সভা-সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, ২০০১ সালে মাঝিনা-কায়েতপাড়া-ত্রিমোহনী সড়কে সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় মেসার্স ইস্টার্ন ট্রেডার্স লিমিটেড। এক বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার কথা ছিল।

তবে প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হোসেনের ভাষ্য, ২০০৪-০৫ অর্থবছরে ৫০ লাখ টাকা তোলা সম্ভব হলেও পরবর্তী সময়ে অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। নির্মাণ উপকরণের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে কাজ আটকে যায়।

২০২১ সালে অসমাপ্ত অংশের জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়। প্রায় ১৩ কোটি টাকার কাজ পায় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স সরদার এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগ। ওই বছরের মে মাসে কাজ শুরুর পরিকল্পনা থাকলেও সেটিও বাস্তবায়িত হয়নি।

নির্মাণ এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েকটি পিয়ার, কলাম, ক্যাপ, উইংওয়াল ও অ্যাবাটমেন্টের অংশ তৈরি হয়েছে। তবে সংযোগ সড়ক জরাজীর্ণ। ইটের সলিং উঠে গেছে, লোহার রডেও ধরেছে মরিচা। সেতুটি না থাকায় রাজধানীতে যেতে স্থানীয়দের ১২ থেকে ১৩ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে।


গত ১৬ এপ্রিল সংসদে বিষয়টি তুলে ধরে দ্রুত কাজ শেষ করার দাবি জানান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এর আগে ২৭ মার্চ সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, পূর্ব মাদারটেক ও সবুজবাগ হয়ে সেতুটি ব্যবহার করে সিলেট ও চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। তবে বারবার উদ্যোগ ভেস্তে যাওয়ায় এবারও আশ্বাসের বাস্তবায়ন নিয়ে সংশয়ে রয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন