EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুরমা-কুশিয়ারার ভাঙন রোধে ২৭৩ কোটি টাকার প্রকল্প

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

সুরমা-কুশিয়ারার ভাঙন রোধে ২৭৩ কোটি টাকার প্রকল্প

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

অ অ

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে ২৭৩ কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রকল্পের আওতায় দুই উপজেলার ১৭টি ঝুঁকিপূর্ণ স্থানে প্রায় ৫.১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শাম্মী আক্তার জানতে চান, কানাইঘাট ও জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নদীভাঙনের কারণে বাংলাদেশের ভূখণ্ড সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না। 

জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, ভারতের সঙ্গে প্রায় ৬৬ কিলোমিটার সীমান্ত রয়েছে জকিগঞ্জ উপজেলার। সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রক্ষায় সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এতে তিনটি পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় ‘সুরমা-কুশিয়ারা অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় জকিগঞ্জের ১৩টি এবং কানাইঘাটের চারটি ঝুঁকিপূর্ণ স্থানে নদীতীর সংরক্ষণ করা হবে।

মন্ত্রী জানান, বর্তমানে প্রকল্পের অংশ হিসেবে জকিগঞ্জের ১০টি স্থানে মোবিলাইজেশন কার্যক্রম চলছে। ধারাবাহিকভাবে প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজও বাস্তবায়ন করা হবে।

পুরো প্রকল্প বাস্তবায়িত হলে কানাইঘাট ও জকিগঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নদীভাঙন থেকে রক্ষা পাবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।

উল্লেখ্য, সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনে কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন এলাকায় বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জনপদে নদীভাঙন স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ক্ষতি করছে।

আরও পড়ুন