EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় সুপারিশ দিতে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:২৪ পিএম

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় সুপারিশ দিতে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
অ অ

জ্বালানি খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ ও সংসদে সুপারিশসহ প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান অংশ নেন।

সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা ও বর্তমান পরিস্থিতি উপস্থাপন করা হয়।

এ সময় জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ হালনাগাদ করে ‘গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী জুনের শেষ দিকে পাইপলাইনের মাধ্যমে পুরোদমে তেল সরবরাহ শুরু হবে।

চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় কমিটির সদস্যরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি বিরোধী দলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটির কাছে পাঠানোর আহ্বান জানানো হয়।

সভা শেষে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেয় কমিটি।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন