EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তৃণমূলের ক্রীড়া প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

তৃণমূলের ক্রীড়া প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

অ অ

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট—এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি কমানো এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে। এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও চলছে। 

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টে তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আরও পড়ুন