EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সব মাদরাসায় নিয়মিত খেলাধুলার আয়োজনের নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

সব মাদরাসায় নিয়মিত খেলাধুলার আয়োজনের নির্দেশ
অ অ

দেশের সব মাদরাসায় নিয়মিত খেলাধুলার অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় নির্ধারিত ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির আওতায় নির্ধারিত ১০টি ইভেন্ট হলো ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্ট, ভলিবল ও টেবিল টেনিস।

এসব খেলার পাশাপাশি মাদরাসাগুলোতে আর্চারি, শ্যুটিং ও হকির নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা, শিশু-কিশোরদের সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলা এবং ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি ক্রীড়া বৃত্তি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে উন্নত প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন