আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. সাকিবকে (২২) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ৭ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাজারে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সাকিব নরসিংদীর পলাশ উপজেলার টেংগরপাড়া এলাকার দুলাল মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সাকিব দাবি করেছেন, ঘটনার দিন বাসার ছাদে ওই নারীকে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নারী বাধা দিলে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জিজ্ঞাসাবাদে জানান সাকিব।
হত্যার পর ঘটনা আড়াল করতে ছাদে থাকা বালু ও সিমেন্টের বস্তা দিয়ে মরদেহ ঢেকে রাখেন বলেও তিনি জানিয়েছেন।
গ্রেপ্তারের পর সাকিবকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্র।
