হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
পলাতক দণ্ডিত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’
তিনি বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে আবেদন করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয়ে বিস্তারিত আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তবে প্রাথমিকভাবে (প্রাইমা ফেসি) বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’
বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে বিভিন্ন বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইন অনুযায়ী এসব ঘটনায় ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।
-6af177966b9da.jpg)