EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফ্যাসিস্ট হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

ফ্যাসিস্ট হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে।

এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

রয়টার্স জানিয়েছে, এ আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।


আবেদনটিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়ে শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তার সহযোগীরা সোমবার বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।

চিঠিতে তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আবেদন দুটি দ্রুত নিষ্পত্তিরও আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন। আবার অনেকে ভারতে কিংবা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।

আরও পড়ুন