EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে স্মরণ করে প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে বিএনপি।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। তাঁরা সমাধিতে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে স্মরণ করে প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে বিএনপি। দিবসটি উপলক্ষে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন করবেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও বাংলামোটর হয়ে ফার্মগেটের দিকে এগিয়ে যাবে। পরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যসচিব তানভীর আহমেদ রবিন শোভাযাত্রা সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।


দলের কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তারেক রহমান ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেছেন।

আরও পড়ুন