EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না বিএনপি সরকার: ত্রাণমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না বিএনপি সরকার: ত্রাণমন্ত্রী
অ অ

বর্তমান বিএনপি সরকার আগের সরকারের মতো গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, কিছুটা সময় লাগলেও প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনা অনুযায়ী সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতে অরাজকতা, অনিয়ম ও দুর্নীতির কারণে অনেক কাজ স্বাভাবিকভাবে করা সম্ভব হয়নি। বিভিন্ন ক্ষেত্রে অপরাধে জড়িত ব্যক্তিরা শক্তিশালী হয়ে উঠেছিল। তবে এখন এসব চলতে দেওয়া হবে না। দেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচন প্রমাণ করেছে, আগের মতো নির্বাচন আর হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও এর প্রমাণ পাওয়া গেছে।

দেশের সার্বিক উন্নয়নে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিশেষ করে স্বাস্থ্য খাতের দুরবস্থা কাটিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ও অভিযোগ কমাতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সরকারি অফিস-আদালত, হাসপাতালসহ সব প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টায় অনেক সমস্যার সমাধান সম্ভব।

সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন