EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামি মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

সুনামি মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তোনিও গুতেরেস

অ অ

সুনামি প্রকৃতির অন্যতম প্রাণঘাতী দুর্যোগ। তবে যথাযথ প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘বিশ্ব সুনামি সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় বলা হয়, উপকূলীয় অবকাঠামোকে দুর্যোগসহনশীল করে গড়ে তুলতে হবে। ঝুঁকি বিবেচনায় ভূমি ব্যবহারের পরিকল্পনা এবং একাধিক দুর্যোগের আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করতে সরকারকে নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি বিজ্ঞান, তথ্য-উপাত্ত ও পূর্বাভাসের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি।

সুনামিপ্রবণ এলাকার প্রতিটি মানুষ, পরিবার ও মহল্লারও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বছরের বিশ্ব সুনামি সচেতনতা দিবসের প্রতিপাদ্য—‘সুনামি মোকাবিলায় প্রস্তুত হোন: সহনশীলতা শুরু হোক আপনার থেকেই’।


এই প্রতিপাদ্যের মূল কথা হলো, সুনামির সতর্কসংকেত সম্পর্কে জানা, পরিবারের জন্য জরুরি পরিকল্পনা তৈরি করা এবং দুর্যোগকালীন মহড়ায় অংশ নেওয়া। পাশাপাশি যাদের বাড়তি সহায়তা প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে হবে। এদের মধ্যে রয়েছেন অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারী মানুষ, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

বার্তায় বলা হয়, বিশ্ব সুনামি সচেতনতা দিবসে দুর্যোগ মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করতে হবে। সবাই সম্মিলিতভাবে প্রস্তুতি নিলে সুনামির ঝুঁকি মোকাবিলা করা এবং ঢেউ আঘাত হানলে মানুষের জীবন রক্ষা করা সম্ভব।

আরও পড়ুন