EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় ১২ নভেম্বর শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানির ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

ঢাকায় ১২ নভেম্বর শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানির ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
অ অ

রাজধানীতে আগামী ১২ নভেম্বর শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ৩১তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৮তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ও ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সেমস বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদ রিয়াদ হাসান এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আল-আমিন।

প্রদর্শনীগুলোর পাশাপাশি অনুষ্ঠিত হবে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ও ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার। বিশিষ্ট স্থপতি জালাল আহমেদ, এফআইএবি, এফকেআইএ প্রতিষ্ঠিত আর্কিকানেক্ট এবং সেমস-গ্লোবাল যৌথভাবে এ আয়োজন করছে। ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ এ উদ্যোগের হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

আগামী ১০ নভেম্বর আইসিসিবির হল-২-এ অনুষ্ঠিত হবে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ১২ থেকে ১৪ নভেম্বর চলবে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার। এতে মাস্টারক্লাস, ট্রেন্ডসেটার্স সেশন, ফোকাস গ্রুপ এবং পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের ডিজিটাল উপস্থাপনাসহ বিভিন্ন আয়োজন থাকবে।

বিল্ড সিরিজের আওতায় থাকছে ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ও ২৫তম রিয়েল এস্টেট এক্সপো। এসব প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি ও সরঞ্জাম, ভবন নির্মাণপ্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং, লিফট, এইচভিএসি এবং স্যানিটারি ওয়্যারসহ বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

এবারের আয়োজনে শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) অংশগ্রহণে থাকবে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন। সেখানে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী, প্রযুক্তি, পণ্য ও সেবা প্রদর্শন করবে।

পাওয়ার সিরিজের আওতায় থাকছে ২৮তম পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো। এসব প্রদর্শনীতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানিপ্রযুক্তি তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে সৌর প্যানেল, মডিউল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার ও মাউন্টিং সিস্টেম। এ ছাড়া এলইডি, স্মার্ট ও ইন্টেলিজেন্ট লাইটিং, লাইটিং কন্ট্রোল এবং সংশ্লিষ্ট প্রকৌশল ও নকশাপ্রযুক্তিও প্রদর্শিত হবে।

অন্যদিকে ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পানি শোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, পানি বিশুদ্ধকরণ ও ডিস্যালিনেশন, পানি বিতরণ এবং স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের বিভিন্ন প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। প্রদর্শনীতে খাতসংশ্লিষ্ট ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা। এ ছাড়া আয়োজন করা হবে সেমিনার ও জ্ঞানবিনিময় সেশন।

আয়োজকদের প্রত্যাশা, এসব প্রদর্শনীর মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রকৌশলী, স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং আরও বাড়বে।

১২ নভেম্বর শুরু হয়ে তিন দিন চলবে প্রদর্শনীগুলো। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজন।

আরও পড়ুন