EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচনের ফল যা-ই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

নির্বাচনের ফল যা-ই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

অ অ

নির্বাচনের ফল যা-ই হোক, সব সময় জনগণের পাশে থেকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, এলাকার সুপেয় পানির সরবরাহ বাড়ানো এবং উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে একটি পানির পাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য। পানি জীবনের অপরিহার্য অংশ এবং দৈনন্দিন জীবনযাপনে এর প্রয়োজনীয়তা অনেক। 

এ সময় এলাকার পানির সংকট নিরসনে আরও একটি নতুন পাম্প স্থাপনের দাবিতে ইতিবাচক সম্মতি জানান তিনি। দ্রুত স্থান নির্বাচন করে সিটি করপোরেশনের অনুমোদন এবং ঢাকা ওয়াসার মাধ্যমে কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন। 

পাম্প স্থাপনের উদ্যোগ সফল করতে সহযোগিতার জন্য বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রশাসক।

এ ছাড়া খালের মাধ্যমে পানি নিষ্কাশনের চলমান প্রকল্প বাস্তবায়ন এবং এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

গার্মেন্টস খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টার সমালোচনা করে তিনি সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন