সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৩১ হাজার ৪০৪।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে কমিশন।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।