EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য, সিসিটিভি ও কললিস্ট ধরে তদন্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য, সিসিটিভি ও কললিস্ট ধরে তদন্ত

তাহসিফ সাউরী। ছবি: সংগৃহীত

অ অ

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট ও নিখোঁজ মোটরসাইকেলের সূত্র ধরে তদন্ত চলছে। ঘটনাটিকে হত্যাকাণ্ডের সন্দেহে গুরুত্ব দিয়ে দেখা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি। এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনের বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি।

বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের সঙ্গে মোটরসাইকেলে বাসা থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

দ্বীপের দাবি, তারা রাত ১২টা পর্যন্ত একসঙ্গে ছিলেন। এ সময় মোটরসাইকেল মেরামতের জন্য গ্যারেজে যাওয়ার পর উত্তরার একটি রেস্তোরাঁয় রাতের খাবার খান। পরে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আলাদা হয়ে যান। তবে মধ্যরাতে তাহসিফের ফোন থেকে তাঁর মায়ের কাছে বাসায় ফেরার কথা জানিয়ে একটি বার্তা আসে।

তাহসিফকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও তদন্তের আগে মন্তব্য করতে রাজি হননি।


নৌ পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানা, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তে যুক্ত রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কোনো মামলা হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ, কললিস্ট বিশ্লেষণ, মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা এবং তাহসিফের কারও সঙ্গে বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাহসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে সন্ধ্যায় উত্তরার ১২ নম্বর সেক্টরের গোরস্তানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুন