মাঝে মাঝে ছেলে আমাকে বলতো সে একটু আশঙ্কিত: তাহসিফের বাবা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় মুখ খুলেছেন তার বাবা এ এম এনায়েতুল করিম।
তিনি জানান, তার ছেলে তাহসিফ সৌরি বেশ কিছুদিন ধরে আতঙ্কে ভুগছিল বলে তাকে জানিয়েছিল।
বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) সাংবাদিকদের সামনে এ কথা বলেছেন তাহসিফের বাবা এ এম এনায়েতুল করিম।
তবে তাহসিফ কেন বা কি নিয়ে আতঙ্ক বোধ করছিলেন- সেটি পরিষ্কার করেননি বলেও তিনি জানান।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ কখনো হুমকি - ধামকি এরকম কিছুর কথা বলেছেন কি না, সাংবাদিকরা এমন প্রশ্ন করলে এনায়েতুল করিম জানান, ওইরকম কিছু বলে নাই, “তবে মাঝে মাঝে আমাকে বলতো যে, সে একটু আশঙ্কিত”।
শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে চাকরিচ্যুত করা হয় বলে বিমান বাহিনী থেকে জানানো হয়েছিল বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এরপর তার ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেত্র নিউজে বেসরকারি চাকরি করেছিলেন। সবশেষে ভারগো টোবাক্যোতে কাজ করতেন।
‘সিনিয়র-জুনিয়র সবার সাথে তার ভালো সম্পর্ক’ ছিল বলে দাবি করেন তাহসিফের বাবা।
তিনি আরও জানান, ২৭শে অক্টোবর নিখোঁজের দিন সারাদিন মায়ের সঙ্গে সবার জন্য শপিং করেছিলেন তাহসিফ।
‘সন্ধ্যার পরে ওর একটা জুনিয়র বন্ধু, ছোট ভাই এসে ওকে নিচ থেকে ডাকে, কথা বলবে। ও ওর মাকে বলে যে, দ্বীপ আসছে, ওর সঙ্গে একটু কথা বলে আসি। এটা বলে সে নিচে যায় আর ফেরে নাই। এর মধ্যে ওর মা অনেক বার (যোগাযোগের) চেষ্টা করেছে, কিন্তু ফেরে নাই। রাত ১টা ৩৫ মিনিটে মেসেজ দিয়েছে যে সে আসছে, “আম্মু আমি আসছি”’ বলেন তাহসিফের বাবা।
এরপর থেকে বিমানের সাবেক এই কর্মকর্তা তাহসিফের আর খোঁজ পাওয়া যায়নি উল্লেখ করে তার বাবা জানান, বুধবার দুপুরে থানায় গিয়েছিলেন।সেসময় দুপুরে পুলিশ তাকে আশ্বস্ত করেছিলেন যে ‘কোনো খারাপ খবর নেই’। তবে বুধবার বিকেল সোয়া পাঁচটায় উত্তরখান থানার ওসি ফোন করে দুই জনের নাম-পরিচয় নিশ্চিত করে জানান তার মরদেহ পাওয়া গেছে, বলেন এনায়েতুল করিম।
তিনি বলছিলেন, রাজাবাড়ি ঘাটের যে স্থানে ছেলের মরদেহ পাওয়ার কথা পুলিশ জানিয়েছে সেখানে সে কখনো যেত না।
‘কারা বা কে তাকে হত্যা করেছে এটা আমরা জানি না’- বলেন নিহতের বাবা এনায়েতুল করিম।
