নকশা না মানলে ব্যবস্থা, সেপটিক ট্যাংক নির্মাণে রাজউকের নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের কাজ আগামী ১৫ নভেম্বরের মধ্যে শুরু করতে হবে। এ নির্দেশ না মানলে ইমারত নির্মাণ আইন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজউকের আওতাধীন এলাকার লেকগুলো দূষণমুক্ত রাখা এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠিত কারিগরি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম এবং রাজউকের সদস্য এরাদুল হক উপস্থিত ছিলেন।
সভায় রাজধানীর লেকগুলোর দূষণের বর্তমান অবস্থা, দূষণের উৎস চিহ্নিত করা, পানির মান উন্নয়ন এবং বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও পয়ঃবর্জ্য শোধনাগার (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ পাওয়া ১ হাজার ২৬৯টি ভবনের তালিকা সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে দেওয়া হবে।
এ ছাড়া সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের কাঠামোগত নকশা রাজউক থেকে অনুমোদন নিতে হবে। এ-সংক্রান্ত আবেদন পাওয়ার তিন দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে রাজউককে।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কে এম মোহাম্মদ হুমায়ুন কবীর, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সুমন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট সাকিফ এ তাবানী ও সেক্রেটারি জেনারেল এ টি এম মতিন, বনানী সোসাইটির প্রেসিডেন্ট শওকত আলী ভূঁইয়া দিলন, নিকেতন সোসাইটির সেক্রেটারি জেনারেল রেজাউল করিম চৌধুরী আরিফসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।