বাংলাদেশ-ইউনান শিক্ষা সহযোগিতা বাড়াতে বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ইউনান প্রদেশের শিক্ষা বিভাগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রদেশটির শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ঝাও দেরং।
বৈঠকে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং চীনা ভাষা শিক্ষার প্রসারে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
ঝাও দেরং ইউনানের শিক্ষাব্যবস্থা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন। তিনি বাংলাদেশের সঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে অংশীদারত্ব বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি যৌথ গবেষণা এবং বাংলাদেশের শিক্ষাপ্রতিনিধিদলকে ইউনান সফরের আমন্ত্রণ জানানোর বিষয়েও আগ্রহ দেখান।
সিনিয়র সচিব মো. আবদুল খালেক বলেন, বাংলাদেশ শিক্ষার্থী বিনিময় ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম বাড়াতে চায়। মানসম্মত শিক্ষা ও বৃত্তির সুযোগ থাকায় চীন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য। তিনি কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব জিএম ফারহান ইস্তিয়াকসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। দুই পক্ষ ভবিষ্যতে শিক্ষা বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ উদ্যোগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
