সারের অবৈধ মজুত ও অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
সারের অবৈধ মজুত, বিপণন ও বিতরণে অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ জন্য সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল ও মোছা. সাবিরা সুলতানা।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে কমিটির সভাপতি জানান, সার বিতরণ ব্যবস্থাপনায় সৃষ্ট কৃত্রিম সংকট কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরসন করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সারের সংকট নেই; বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে। সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন চালাতে পারলে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগ তৈরি হতে পারে।
এদিকে, সার ডিলার নিয়োগে অনিয়ম ও অসংগতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। আর যেসব ক্ষেত্রে চুক্তি হয়েছে, সেগুলোর অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে কৃষি মন্ত্রণালয়।
