EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ

মৈত্রী লীগের সভাপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকাল ৩টায় মৈত্রী লীগের সভাপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ২০০৬ সালে জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন তিনি। তারো আসো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন।


বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তারো আসো বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও রাজনৈতিক স্থিতিশীলতা জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং কিছু আইনি পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও সরকারের উদ্যোগ তুলে ধরেন তিনি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জাপানের পক্ষে তারো আসোর সঙ্গে দেশটির সাবেক মন্ত্রী ও এলডিপির চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশি এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন