EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সম্মেলন থেকে ড. ইউনূসের নাম বাদ, সফরও বাতিল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

বিশ্ব স্বাস্থ্য সম্মেলন থেকে ড. ইউনূসের নাম বাদ, সফরও বাতিল

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অ অ

জার্মানির বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে সম্মেলনের ওয়েবসাইট থেকে বক্তা হিসেবে তাঁর নাম সরিয়ে নেওয়া হয়েছে।

সম্মেলনে ড. ইউনূসের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কয়েকটি সংগঠন আপত্তি জানিয়েছিল। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণে তিনি সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন।

গত রোববার শুরু হওয়া তিন দিনের ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এর প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। মঙ্গলবার পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার সংকট এবং তা মোকাবিলার উপায় নিয়ে সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচনা হচ্ছে।

সম্মেলনের ওয়েবসাইটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানের একটি অধিবেশনে অংশ নেওয়ার তথ্য রয়েছে। অন্য একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল ড. ইউনূসের। এ জন্য বক্তা হিসেবে তাঁর নামও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে নামটি সরিয়ে নেওয়া হয়। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের যোগাযোগ দলের পক্ষে আনা স্টোরমার ইমেইলে জানান, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন। তবে ঢাকায় ইউনূস সেন্টারে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশের হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিন সপ্তাহ আগে ইউরোপভিত্তিক পাঁচটি সংগঠন সম্মেলনে ড. ইউনূসের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল। এ বিষয়ে সংগঠনগুলো একটি পিটিশনও জমা দেয়।

পিটিশনে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। বিষয়গুলো স্বাধীনভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এর আগে ড. ইউনূসকে সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় সংগঠনগুলো।

পিটিশনে সাউথ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের নাম উল্লেখ করা হয়।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আরও পড়ুন