আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১১ অক্টোবর) তিনি ঢাকায় ফেরেন।
সম্মেলনে গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি, সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সফরসঙ্গী ছিলেন।
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পৌঁছালে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
