আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তানজানিয়া সফরে থাকা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সোমবার এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপ এ অঞ্চলের সদস্য দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংসদীয় যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রুপটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।